ঢাকার আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজুকে প্রকাশ্যে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে। এ সময় তার সঙ্গে থাকা দেহরক্ষীদের মাধ্যমে কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনাও ঘটে বলে অভিযোগ উঠেছে।এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ), মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ), ডিজিটাল রিপোর্টার্স ফোরাম (ডিআরএফ) ও ইয়ুথ জার্নাল—এই চারটি শীর্ষস্থানীয় সাংবাদিক সংগঠন।এমআরএ-এর বক্তব্য: মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ) এক বিজ্ঞপ্তিতে জানায়, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রবিউল ইসলাম রাজুকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়া হয়েছে, যার ভিডিও প্রমাণও রয়েছে। এমআরএ সভাপতি ফখরুল ইসলাম একে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার ওপর গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করে বলেন, কোনো অভিযোগ থাকলে তা আইনি প্রক্রিয়ায় সমাধান হওয়া উচিত, প্রকাশ্যে হেনস্তা বা হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।ডিআরএফ-এর দাবি: ডিজিটাল রিপোর্টার্স ফোরাম (ডিআরএফ) এক বিবৃতিতে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। একই সঙ্গে পরীমনি ও তার নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং সাংবাদিকদের কেড়ে নেওয়া মুঠোফোন ও সরঞ্জাম ফেরত দেওয়ার দাবি জানানো হয়।এমআরইউ ও ইয়ুথ জার্নালের অবস্থান: মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ) ও ইয়ুথ জার্নাল পৃথক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।