Nagorik Somoy News

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা ২০ আগস্ট ভোটগ্রহণ

দেশের ২৪তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তফসিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি জানান, ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের নামসংবলিত ভোটার তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠায় সংসদ সচিবালয়। ইসি জানায়, ওই তালিকার ভিত্তিতেই রাষ্ট্রপতি নির্বাচনের কার্যক্রম পরিচালিত হবে।গত ২১ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।বর্তমান সাংবিধানিক বিধান অনুযায়ী, জাতীয় সংসদের সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচন করেন। যদিও গণভোটে অনুমোদিত জুলাই জাতীয় সনদে সংসদের উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাব রয়েছে, তবে সংবিধান সংশোধন না হওয়ায় তা এখনো কার্যকর হয়নি।এছাড়া রাষ্ট্রপতির কিছু সাংবিধানিক ক্ষমতা সম্প্রসারণ এবং কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা নিয়ে প্রস্তাব থাকলেও সেগুলোও এখনো বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা ২০ আগস্ট ভোটগ্রহণ