ঘন কুয়াশায় মহাসড়কে প্রাণ গেল কৃষক ও দলিল লেখকের
ঘন কুয়াশার কারণে ঢাকা-বগুড়া মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই ব্যক্তি। সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ধোপাকান্দি এলাকায় পাথরবোঝাই একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের একজন কৃষক, অপরজন দলিল লেখক।মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে ঠান্ডু মিয়া (৬০) এবং দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে আব্দুল আলীম শেখ (৪০)। ঠান্ডু মিয়া কৃষিকাজ করতেন। আব্দুল আলীম সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক হিসেবে কর্মরত ছিলেন।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান জানান, সকালে ঘন কুয়াশার মধ্যে ঠান্ডু মিয়া ও আব্দুল আলীম মহাসড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাওয়া পাথরবোঝাই একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহগুলো নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।