পিলখানা হত্যাকাণ্ডের বিচার ও চাকরিতে পুনর্বহালের দাবি চাকরিচ্যুত বিডিআর সদস্যদের
২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং সামারি কোর্টের মাধ্যমে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন চাকরিচ্যুত সদস্যরা।সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ও মানববন্ধনে অধিনায়কের সামারি কোর্টে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পক্ষে এ দাবি জানানো হয়।মানববন্ধনে বলা হয়, ২০০৯ সালের পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ড দেশের ইতিহাসে একটি মর্মান্তিক ও গুরুত্বপূর্ণ ঘটনা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ ঘটনার পূর্ণাঙ্গ সত্য জাতির সামনে প্রকাশের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তারা।তারা জানান পিলখানা হত্যাকাণ্ডের পর গঠিত তদন্ত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করতে হবে। প্রকৃত ঘটনা ও সত্য উদ্ঘাটনের মাধ্যমে সংশ্লিষ্ট সব বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন বলেও দাবি জানানো হয়।চাকরিচ্যুত বিডিআর সদস্যদের দাবি, সামারি কোর্টের মাধ্যমে যেসব সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ও সিদ্ধান্তের বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে। পাশাপাশি, যেসব সদস্যের বিরুদ্ধে অপরাধের যথাযথ প্রমাণ নেই বলে তারা দাবি করছেন, তাদের চাকরিতে পুনর্বহালের উদ্যোগ নিতে হবে।তারা আরও বলেন, জাতীয় নিরাপত্তা ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের পরিচয়, পদবি কিংবা রাজনৈতিক সংশ্লিষ্টতা যা-ই থাকুক না কেন, তাদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।বিজ্ঞপ্তির শেষাংশে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ন্যায়বিচার প্রতিষ্ঠা, তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং চাকরিতে পুনর্বহালের দাবি পুনর্ব্যক্ত করা হয়।প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন মো. জহুরুল ইসলাম সরকার। তিনি নিজেকে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পক্ষে অবিনায়কের সামারি কোর্টের সভাপতি হিসেবে উল্লেখ করেছেন।