নানক ও তার পরিবারের বিরুদ্ধে দুদকের মামলা শত শত কোটি টাকার
সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী, মেয়ে এবং শেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আতিউর রহমান আতিক ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রোববার (১৫ নভেম্বর) দুদক সচিব সাইদুর রহমান খান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। দুদকের অভিযোগ অনুযায়ী, আসামিরা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করে তা ভোগদখল এবং মানিলন্ডারিংয়ের মাধ্যমে সম্পদের উৎস গোপন করেছেন।দুদকের নথিতে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের মোট ১৭ কোটি ৮ লাখ ৬৯ হাজার ৯২৩ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এর বিপরীতে তার ১৪ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ৭৫০ টাকার অবৈধ ও অসংগতিপূর্ণ সম্পদ রয়েছে বলে জানিয়েছে দুদক। এছাড়া তার বিভিন্ন ব্যাংক হিসাবে প্রায় ৪৬ কোটি ২৩ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।অন্যদিকে, নানকের স্ত্রী সৈয়দা আরজুমান বানুর বিরুদ্ধে ১৩ কোটি ১৫ লাখ ৯১ হাজার ৪২৪ টাকার অসংগতিপূর্ণ সম্পদ এবং তার ব্যাংক হিসাবে ১০১ কোটি ৭৪ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া নানকের মেয়ে এস আমরিন রাহীর নামে ১১ লাখ ৯৯ হাজার ১০৪ টাকার অসংগতিপূর্ণ সম্পদ এবং তার ব্যাংক হিসাবে ২০৩ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেনের তথ্য মিলেছে।এদিকে, শেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আতিউর রহমান আতিকের ৮ কোটি ৩৯ লাখ ৬২ হাজার ৯৫২ টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। এছাড়া তার স্ত্রী শায়না বেগমের বিরুদ্ধে ৭১ লাখ ৬১ হাজার ৮৮০ টাকার অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এবং স্বামীর রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।দুদকের সিদ্ধান্ত অনুযায়ী, আতিউর রহমান আতিক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা করা হয়েছে। অন্যদিকে জাহাঙ্গীর কবির নানক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।