htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

ফ্যান ভোটিংয়ে এগিয়ে মাহি নেতিবাচক মন্তব্য না করার অনুরোধ

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। প্রতিযোগিতার ফ্যান ভোটিংয়ে এখন পর্যন্ত সর্বাধিক ভোট পাওয়া ৩০ প্রতিযোগীর তালিকায় জায়গা করে নেওয়ার খবর জানিয়েছেন তিনি। এই অবস্থান ধরে রেখে আরও এগিয়ে যেতে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন মাহি।বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে সুখবরটি জানান এই অভিনেত্রী। তিনি স্পষ্ট করেন, সেরা ৩০-এ থাকা কেবল চলমান ভোটের একটি হালনাগাদ চিত্র, এটি প্রতিযোগিতার চূড়ান্ত ফল নয়। সামনের পথচলায় বাংলাদেশের মানুষের ভালোবাসা ও সমর্থনকে নিজের বড় অনুপ্রেরণা হিসেবে দেখছেন তিনি।মাহির ভাষ্য, আন্তর্জাতিক মঞ্চে তিনি শুধু নিজের হয়ে নয়, বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেই অংশ নিয়েছেন। তাই দেশের মানুষের প্রতি তাঁর আহ্বান—পছন্দের প্রতিযোগী হিসেবে তাঁকে ভোট দিয়ে এগিয়ে রাখুন এবং অন্যদেরও ভোট দিতে উৎসাহিত করুন।ভোট দেওয়ার পদ্ধতি জানিয়ে মাহি বলেন, এমইউ ফ্যান অ্যাপ ডাউনলোড করে ভোটিং বিভাগে প্রবেশ করতে হবে। এরপর ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ বিভাগ থেকে তাঁকে বিনা মূল্যে ভোট দেওয়া যাবে। ভোট দেওয়ার পাশাপাশি তাঁর পোস্ট শেয়ার করার অনুরোধও জানিয়েছেন তিনি।তবে ভোটের ক্ষেত্রে প্রত্যাশিত সাড়া না পাওয়ার বিষয়টি নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন মাহি। তাঁর দাবি, একই ভোটারদের কাছ থেকে বারবার ভোট এলেও নতুন ভোটারের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন। তাঁর ভিডিওতে ভিউ বাড়ানোর পরিবর্তে ভোট দেওয়ার মাধ্যমে সরাসরি সহায়তা করার আহ্বান জানিয়েছেন তিনি।সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য নিয়েও উদ্বেগ জানিয়েছেন এই অভিনেত্রী। তাঁর মতে, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্রতিক্রিয়াও নজরে আসতে পারে। তাই তাঁকে নিয়ে অযাচিত মন্তব্য না করে ইতিবাচকভাবে পাশে থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।মাহি জানান, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার বিষয়টি তাঁর কাছে গুরুত্বপূর্ণ। এ যাত্রায় দেশের মানুষের সমর্থন পেলে প্রতিযোগিতায় আরও ভালো অবস্থানে পৌঁছানোর আশা করছেন তিনি।উল্লেখ্য, মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সামিরা খান মাহি। প্রতিযোগিতায় অংশ নিতে ৮ নভেম্বর তিনি পুয়ের্তো রিকোর উদ্দেশে দেশ ছাড়েন। ১১ নভেম্বর থেকে শুরু হয়েছে এবারের আয়োজনের আনুষ্ঠানিক কার্যক্রম। এতে বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগী অংশ নিচ্ছেন। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চূড়ান্ত পর্ব।

ফ্যান ভোটিংয়ে এগিয়ে মাহি নেতিবাচক মন্তব্য না করার অনুরোধ