সুনামগঞ্জের সীমান্তবর্তী তিনটি স্থানে পৃথক অভিযান চালিয়ে ১৯১ বোতল অবৈধ ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।রোববার (১৮ অক্টোবর) সুনামগঞ্জ সদর ও তাহিরপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় ২৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের পেচাকোণা এলাকায় অভিযান চালানো হয়। সীমান্তের ১২২৩ নম্বর পিলারের বাংলাদেশের প্রায় ৫০ গজ অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে ৭৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।অন্যদিকে, তাহিরপুর উপজেলার ৫ নম্বর বাদাঘাট ইউনিয়নের উত্তর মোকসেদপুর এলাকায় অভিযান চালিয়ে আরও ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন বিজিবি সদস্যরা। সীমান্তের ১২০৪/৮ নম্বর পিলারের বাংলাদেশের আনুমানিক ১৫০ গজ ভেতরে এ অভিযান পরিচালনা করা হয়।এ ছাড়া একই উপজেলার ৪ নম্বর বড়দল ইউনিয়নের বারিকের টিলা এলাকায় চাঁনপুর বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৯৩ বোতল ভারতীয় মদ জব্দ করেন। ওই স্থানটি সীমান্তের ১২০২/৪ নম্বর পিলারের বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।তিনটি স্থানে উদ্ধার করা মদের মোট পরিমাণ ১৯১ বোতল। এসব মদের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। অভিযান চলাকালে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।এ বিষয়ে ২৮ বিজিবি ব্যাটালিয়নের সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদের বলেন, মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান বন্ধে আভিযানিক কার্যক্রমের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে।তিনি আরও জানান, জব্দ করা ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।সীমান্ত দিয়ে অবৈধ মাদক ও পণ্য পাচার রোধে ভবিষ্যতেও বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।