htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

সংবাদ প্রকাশের পরও গ্রেপ্তার হননি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রাজরা গ্রামে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নার্গিস আক্তার লাইজুকে গ্রেপ্তার না করার অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তাঁদের দাবি, মামলার আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।স্থানীয়দের অভিযোগ, হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হওয়া সত্ত্বেও নার্গিস আক্তার লাইজু প্রকাশ্যে চলাফেরা করছেন। এ বিষয়ে সংবাদ প্রকাশের পরও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।স্থানীয় সূত্রে জানা যায়, হরিরামপুরের সাবেক আওয়ামী লীগদলীয় উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন নার্গিস আক্তার লাইজু। অভিযোগ রয়েছে, অতীতে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা রাজরা এলাকায় প্রভাব বিস্তার করতেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।এলাকাবাসীর আরও অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের পরও নার্গিস আক্তার লাইজু ও তাঁর বাবা ফাইজুদ্দিনের পরিবারের প্রভাব এলাকায় অব্যাহত রয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও হয়রানির অভিযোগও তুলেছেন স্থানীয় কয়েকজন। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।এ বিষয়ে মানিকগঞ্জ জেলা বারের এক জ্যেষ্ঠ আইনজীবী বলেন, হত্যা মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার না করার বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন। কোনো আসামি প্রকাশ্যে চলাফেরা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হতে পারে। তবে আসামি গ্রেপ্তার না হওয়ার পেছনে পুলিশের কোনো যোগসাজশ রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া উচিত।স্থানীয় বাসিন্দাদের দাবি, নার্গিস আক্তার লাইজুর বিরুদ্ধে মামলা ও বিভিন্ন অভিযোগ থাকা সত্ত্বেও তাঁকে গ্রেপ্তার না করায় এলাকায় অসন্তোষ বাড়ছে। হরিরামপুর থানা পুলিশ এবং রাজরা গ্রামের দায়িত্বপ্রাপ্ত বিট কর্মকর্তা এসআই শরিফুল বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন বলেও দাবি করেছেন তাঁরা।এদিকে, এ বিষয়ে জানতে চাইলে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম. তৌফিক আজম মুঠোফোনে বলেন, “এ বিষয়ে আমি অবগত ছিলাম না, আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছি।স্থানীয় বাসিন্দারা আশা করছেন, অভিযোগটি যাচাই করে পুলিশ দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে এবং মামলার তদন্ত ও আসামি গ্রেপ্তারের বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করবে।

সংবাদ প্রকাশের পরও গ্রেপ্তার হননি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি