উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডেস্ক : ||
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের প্রভাবে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১৭৪টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে মোট ২৩ হাজার ৭৭ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।সংস্থাটির তথ্য অনুযায়ী, ব্যাহত হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৯৭টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২১টি এবং রিয়াদ এয়ারের ১৯টি ফ্লাইট রয়েছে।অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট রয়েছে।প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার পরিপ্রেক্ষিতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধ আরোপের প্রভাব পড়েছে। এতে বাংলাদেশের সঙ্গে সরাসরি চলাচলকারী ফ্লাইটের পাশাপাশি বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে সৌদি আরবগামী ট্রানজিট ফ্লাইটও বিঘ্নিত হয়েছে।এ পরিস্থিতিতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রেখেছে।বিমানের ঘোষণা অনুযায়ী, দুই রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ ৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চালুর কথা জানিয়েছে সংস্থাটি।অন্যদিকে, পর্যাপ্ত যাত্রী চাহিদা না থাকায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।ফ্লাইটের সময়সূচি ও চলাচলের পরিস্থিতি পরিবর্তিত হতে পারে। তাই সৌদি আরবগামী যাত্রীদের বিমান সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সর্বশেষ নির্দেশনা জেনে যাত্রার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।