উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু নাঈম রিপন :, নরসিংদী প্রতিনিধি ||
নরসিংদীর শিবপুর উপজেলার সদর রোডে অবস্থিত শিবপুর ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশন থিয়েটার (ওটি) পরিচালনা এবং অ্যানেস্থেশিয়ার ওষুধ একাধিকবার ব্যবহারের মাধ্যমে রোগীদের স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকিতে ফেলার বিষয়টি অভিযানে উঠে আসে।সোমবার (২ নভেম্বর) সহকারী কমিশনার (ভূমি) শামিয়ুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাসপাতালটির অপারেশন থিয়েটারের পরিবেশ ও অ্যানেস্থেশিয়ার ওষুধ ব্যবহারের বিষয়টি পরিদর্শন করা হয়। এ সময় অনিয়মের বিষয়টি শনাক্ত হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ। এ সময় শিবপুর থানা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।হাসপাতালটিতে চিকিৎসাসেবার মান বজায় রাখা, অপারেশন থিয়েটারের পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং চিকিৎসায় ব্যবহৃত ওষুধের নিরাপদ প্রয়োগের ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।