উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডেস্ক ||
বাইরে থেকে বলিউডকে চাকচিক্য আর তারকাখ্যাতিতে ভরা এক জগৎ মনে হলেও, ভেতরের বাস্তবতা নিয়ে ভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন অভিনেতা মনোজ বাজপেয়ি। তাঁর মতে, চলচ্চিত্রশিল্পকে অনেকেই পরিবার বা ভ্রাতৃত্বের জায়গা হিসেবে দেখলেও বাস্তবে সেখানে পারস্পরিক আন্তরিকতা ও সহযোগিতার ঘাটতি রয়েছে।সম্প্রতি ‘গজব রাত’ সিনেমার প্রচারে অংশ নিয়ে বলিউডের কাজের পরিবেশ ও শিল্পীদের পারস্পরিক সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেতা। দীর্ঘদিন ধরে হিন্দি চলচ্চিত্রে কাজ করলেও নিজেকে কখনোই পুরোপুরি এই ইন্ডাস্ট্রির অংশ বলে মনে হয়নি বলে জানান তিনি।মনোজ বাজপেয়ির ভাষ্য, বলিউডকে একটি পরিবার হিসেবে বিবেচনা করা বড় ধরনের ভুল ধারণা। তাঁর মতে, এখানে একজন অভিনেতা অন্য অভিনেতার সাফল্যে আনন্দিত হন—এমন চিত্র খুব একটা দেখা যায় না। একইভাবে পরিচালক ও প্রযোজনা সংস্থাগুলোর মধ্যেও পারস্পরিক তুলনা ও প্রতিযোগিতার মনোভাব কাজ করে।অন্যের কাজের প্রশংসা করার ক্ষেত্রেও অনীহা রয়েছে বলে মন্তব্য করেন মনোজ। তাঁর মতে, কোনো সিনেমা ভালো লাগলেও সহকর্মীকে ফোন করে প্রশংসা জানানোর প্রবণতা খুবই কম। এ কারণে বলিউডে ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্পর্ক নিয়ে প্রচলিত ধারণাকে বাস্তবতার সঙ্গে মেলে না বলেই মনে করেন তিনি।কর্মজীবনে নিজের দায়িত্ব ও লড়াই নিজেকেই সামলানোর পরামর্শও দিয়েছেন এই অভিনেতা। তাঁর মতে, অন্য কেউ এসে সাহায্য করবেন—এমন প্রত্যাশায় বসে থাকা উচিত নয়। নিজের কাজ করা, প্রাপ্য পারিশ্রমিক বুঝে নেওয়া এবং নিজের পথে এগিয়ে যাওয়াই গুরুত্বপূর্ণ। কেউ সহযোগিতার হাত বাড়ালে সেটিকে বাড়তি প্রাপ্তি হিসেবে দেখা উচিত।শুধু পারস্পরিক সম্পর্ক নয়, শুটিং সেটের পরিবেশ নিয়েও নিজের মতামত তুলে ধরেছেন মনোজ বাজপেয়ি। তাঁর মতে, সেটে অভিনেতা ও কলাকুশলীসহ সবার সঙ্গে সমান আচরণ করা প্রয়োজন। খাবারের ক্ষেত্রেও তারকা ও অন্য কর্মীদের মধ্যে বৈষম্য থাকা উচিত নয়।বলিউডের পুরোনো ও বর্তমান কাজের সংস্কৃতির তুলনা করেও আক্ষেপ প্রকাশ করেন তিনি। মনোজের মতে, আগে শুটিংয়ের ফাঁকে কিংবা কাজ শেষে অভিনেতারা একসঙ্গে বসে গল্প করতেন, আড্ডা দিতেন। এখন শুটিং শেষ হওয়ার পর অনেকেই নিজেদের সাজঘরে চলে যান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটান।মনোজ বাজপেয়ির এসব মন্তব্য বলিউডের অভ্যন্তরীণ সম্পর্ক, কাজের পরিবেশ ও তারকাদের পারস্পরিক সহযোগিতা নিয়ে নতুন করে আলোচনার অবকাশ তৈরি করেছে।