উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডেস্ক : ||
বলিউড ও মারাঠি সিনেমার বরেণ্য অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে গোয়ায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, গোয়ার নিজ বাসভবনে হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করলে নানা পাটেকর জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে দ্রুত মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা টানা প্রায় ৪৫ মিনিট ধরে সিআরপি দিয়ে তাঁকে বাঁচিয়ে তোলার সর্বোচ্চ চেষ্টা চালান। তবে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে ভোর ৫টা ২০ মিনিটে তিনি পরলোকে গমন করেন।বাবার আকস্মিক প্রয়াণের খবর পেয়ে তাঁর ছেলে মালহার পাটেকর পুনে থেকে গোয়ার উদ্দেশে রওনা হয়েছেন।১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্মগ্রহণ করা নানা পাটেকর ১৯৭৮ সালে ‘গমন’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় আত্মপ্রকাশ করেন। সাবলীল ও ধারালো অভিনয়, সংলাপে অনন্য নিজস্বতা এবং জটিল ও চ্যালেঞ্জিং চরিত্রে অনবদ্য অভিনয়ের মাধ্যমে তিনি চার দশকেরও বেশি সময় ধরে দর্শকদের হৃদয়ে রাজত্ব করেছেন।কর্মজীবনে তিনি ৩টি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন। তাঁর অভিনীত ‘নটসম্রাট’, ‘পারিন্দা’, ‘ওয়াজুদ’, ‘আব তাক ছাপ্পান’, ‘যশবন্ত’, ‘শক্তি: দ্য পাওয়ার’, ‘ অপহরণ’, ‘ট্যাক্সি নম্বর ৯২১১’ এবং কমেডি ব্লকবাস্টার ‘ওয়েলকাম’ সিনেমার ‘উদয় শেঠি’ চরিত্রটি ভারতীয় সিনেমা জগতে চিরস্মরণীয় হয়ে থাকবে।তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পুরো ভারতের রাজনৈতিক ও চলচ্চিত্রাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছেন।