উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের রহস্যজনক মৃত্যু ও আত্মহত্যার প্ররোচনা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত। ভুক্তভোগী পরিবারের সঙ্গে সমঝোতা হওয়ার দাবি এবং বাদীপক্ষের জামিনে কোনো আপত্তি নেই জানালেও আইনি জটিলতায় মুক্তি পাননি তিনি।বুধবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে গাজী নজরুলের পক্ষে জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী মাহাবুবুর রহমান। শুনানিতে যুক্তি দিয়ে তিনি বলেন, নিহত মরিয়মের বাবা ও মামলার বাদী এস এম মাসুম বিল্লাহর সঙ্গে আসামিপক্ষের সমঝোতা বা আপস সম্পন্ন হয়েছে এবং বাদীপক্ষের এতে কোনো আপত্তি নেই। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনা ও শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নাকচ করে দেন। ফলে আপাতত তাঁকেও কারাগারেই থাকতে হচ্ছে।এর আগে গত ৩০ সেপ্টেম্বর একই মামলায় গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন আবেদন করা হয়েছিল। সেদিন আদালত প্রথম স্ত্রী মাকছুদাকে জামিন দিলেও নজরুলের আবেদন নামঞ্জুর করেছিলেন।মামলার নথি থেকে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর সংলগ্ন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পর নিহত মরিয়মের বাবা বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি প্ররোচনা মামলা দায়ের করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।মামলাটি পরবর্তীতে অধিকতর তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। ডিবি পুলিশ দু দফায় মোট আট দিনের রিমান্ড শেষে গত ২৮ সেপ্টেম্বর গাজী নজরুলকে কারাগারে পাঠায়। একই মামলার অপর আসামি ওবায়দুর রহমানকেও পুলিশ গ্রেপ্তার করে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে। বর্তমানে মামলাটি গোয়েন্দা পুলিশ গভীরভাবে তদন্ত করছে।