উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডেস্ক : ||
জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে বিশাল বহর নিয়ে অংশ নিয়েও চরম ব্যর্থতার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ২২টি ডিসিপ্লিনে ১৮৭ জন অ্যাথলেটের সাথে বিশাল কোচ ও কর্মকর্তার বহর নিয়ে গিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা ঝুলিতে পুরতে পেরেছেন মাত্র একটি ব্রোঞ্জপদক।যেখানে ক্রিকেট, কাবাডি, শুটিং ও আর্চারির মতো ডিসিপ্লিনগুলো থেকে পদকের বড় প্রত্যাশা করা হয়েছিল, সেখানে প্রতিটি ইভেন্ট থেকেই ফিরতে হয়েছে খালি হাতে। বিশেষ করে পুরুষ ক্রিকেট দলের ব্যর্থতা সবচেয়ে বেশি জন্ম দিয়েছে হতাশার। ২০১০ সালে প্রথমবার অংশ নিয়েই আফগানিস্তানকে হারিয়ে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। পরবর্তী দুই আসরেও পদকের ধারা বজায় থাকলেও এবারই প্রথমবারের মতো পদক ছাড়াই অলিম্পিক ভিলেজ ছাড়তে হয়েছে টাইগারদের।এশিয়ান গেমসের এই হতাশাজনক পারফরম্যান্সের সুনির্দিষ্ট কারণ খুঁজে বের করতে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে একটি বিশেষ মূল্যায়ন কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।রোববার (৪ অক্টোবর) গণমাধ্যমের সাথে আলাপকালে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “এবারের এশিয়ান গেমসে বাংলাদেশের সার্বিক পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক ছিল। ঠিক কী কারণে আমাদের এই ভরাডুবি হলো তা চিহ্নিত করা এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণের জন্য ইতোমধ্যে একটি বিশেষ মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। বর্তমান সরকারের মূল লক্ষ্য কেবল আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া নয়, বরং সরাসরি পদক জয় করা।”তিনি আরও জানান, যেসকল ইভেন্টে বাংলাদেশের পদক জয়ের সত্যিকারের সম্ভাবনা রয়েছে, সেগুলোকে আলাদাভাবে চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা দেওয়া হবে।