উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
গাজীপুর মহানগরের ডেগিরচালা এলাকার ফকির মার্কেট সংলগ্ন ‘মেট্রিক্স গার্মেন্টস’-এর একটি আটতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিরলস কাজ করে যাচ্ছে। ফায়ার সার্ভিস সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় ভবনের ভেতরে আটকে পড়া ৬৯ জন শ্রমিক-কর্মচারীকে অক্ষত ও নিরাপদে নিচে নামিয়ে আনা সম্ভব হয়েছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার (৩ অক্টোবর) দুপুর আনুমানিক ২টা ৪৪ মিনিটের দিকে আটতলা কারখানা ভবনটির তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের গাড়িগুলো দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের ৩টি, কোনাবাড়ির ১টি, গাজীপুর ফায়ার স্টেশনের ৩টি এবং রাজেন্দ্রপুরের ২টিসহ মোট ৯টি ইউনিট একযোগে ফায়ার ফাইটিং ও উদ্ধার অভিযান শুরু করে।গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, সংবাদ পাওয়ার পরই আমাদের টিমগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে ভবনের ভেতর আটকে থাকা ৬৯ জন কর্মীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, আগুনের প্রাথমিক সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির সার্বিক তথ্য জানা যাবে।