উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডেস্ক : ||
সৌদি আরবের পবিত্র মক্কার গ্র্যান্ড মসজিদে (মসজিদুল হারাম) আত্মঘাতী বোমা হামলার চেষ্টা নস্যাৎ করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরটিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ। একই সঙ্গে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর-এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।শুক্রবার (২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে সৌদি পাবলিক সিকিউরিটি এজেন্সি জানায়, পবিত্র মক্কা নগরীর নিরাপত্তার দায়িত্বে থাকা বলপ্রয়োগকারী সংস্থা ওই ব্যক্তিকে পথচারীদের অযথা হয়রানি করা এবং বিভ্রান্তি ছড়িয়ে জনগণের মাঝে ভয় ও আতঙ্ক তৈরির অপরাধে গ্রেপ্তার করেছে। প্রয়োজনীয় প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁকে পাবলিক প্রসিকিউশনের নিকট হস্তান্তর করা হয়েছে।কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মঘাতী হামলার যে দাবি বা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। এ ধরনের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয়ে অবিকৃত তথ্যের জন্য সাধারণ মানুষকে কেবল সৌদি সরকারের অফিশিয়াল ও নির্ভরযোগ্য উৎস অনুসরণ করার জোর তাগিদ দেওয়া হয়েছে।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে একটি পুরোনো ভিডিও ক্লিপ পোস্ট করে দাবি করা হয়—মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী বোমা হামলার এক অপচেষ্টা সৌদি পুলিশ ও নিরাপত্তা বাহিনীর তৎপরতায় ভেস্তে গেছে।তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, ছড়িয়ে পড়া ভিডিওটি সাম্প্রতিক কালের নয়, বরং এটি ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসের একটি পুরনো অনাকাঙ্ক্ষিত ঘটনার। তৎকালীন সময়ে ৪০ বছর বয়সী এক মানসিকভাবে অসুস্থ সৌদি নাগরিক কাবা শরীফের প্রাঙ্গণে নিজের গায়ের পোশাকে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন।সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ঘটনাটির সঙ্গে কোনো প্রকার বিস্ফোরক বেল্ট বা বোমা হামলার যোগসূত্র ছিল না। সম্পূর্ণ ভিন্ন একটি পুরোনো ঘটনাকে বিকৃত করে সম্প্রতি আত্মঘাতী হামলা হিসেবে চালিয়ে দিয়ে অপপ্রচার চালানো হচ্ছিল।