উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ কামরুল হাসান কাজল:, কুড়িগ্রাম প্রতিনিধি ||
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক মুদি ব্যবসায়ীকে পথরোধ করে মারধর ও ভয়ভীতি দেখিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা এবং একটি মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে।এ ঘটনায় ভুক্তভোগী জাহাঙ্গীর আলম ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডে একটি মুদি দোকান পরিচালনা করেন। আজ শুক্রবার (২ অক্টোবর) ভোর আনুমানিক ৪ঃ৩০ ঘটিকার দিকে প্রতিদিনের মতো তিনি দোকানের উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথে নলেয়া গ্রামের লেংরার দোকানের সামনে ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক তাঁর পথরোধ করেন।জাহাঙ্গীর আলমের অভিযোগ, পথরোধ করার পর ওই যুবকেরা তাঁকে ধাক্কাধাক্কি ও মারধর করেন। একপর্যায়ে তাঁর পকেটে থাকা ব্যবসার ১ লাখ ৩০ হাজার টাকা ও একটি বাটন মুঠোফোন নিয়ে নেন। পরে অভিযুক্তরা ধারালো দেশীয় অস্ত্র দেখিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করেন।এ সময় তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করেন বলে জানা গেছে।ভুরুঙ্গামারী থানার ডিউটি অফিসার এসআই জাকির হাসান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।