উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নদীখনন এবং খালখনন কর্মসূচি এখন আর শুধু নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের নয়, বরং গোটা দেশের মানুষের প্রধান কর্মসূচিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সার্বিক কল্যাণ ও অগ্রযাত্রায় সব স্তরের মানুষকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ফেনীর মুহুরী-কহুয়া বন্যানিয়ন্ত্রণ ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্ব) শীর্ষক প্রকল্প উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।দীর্ঘদিন পর ফেনীতে আসার স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, "আজ বহু বছর পর নানা বাড়ি আসলাম। ১৯৮৪ সালের পর বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণায় এখানে এসেছিলাম। এখন আপনারা আমাকে একটি বড় দায়িত্ব দিয়েছেন, তাই শুধু বেড়াতে আসলেই হবে না—জনগণের জন্য এবং এই অঞ্চলের জন্য কাজ করতে হবে।"কৃষি ও জনকল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, নদী ও খালখনন কর্মসূচির ফলে এ অঞ্চলে প্রায় ৩৪ হাজার মেট্রিক টন অতিরিক্ত ধান উৎপাদন সম্ভব হবে, যা কৃষক ও সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নতিতে বড় ভূমিকা রাখবে। এ সময় তিনি সরকারের নেওয়া নানা প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা উল্লেখ করে জানান, কৃষকদের সুবিধার্থে কৃষি ঋণ মওকুফ করা হয়েছে, চালুর অপেক্ষায় রয়েছে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড।বক্তব্যে তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন, "দেশে কিছু দুষ্টচক্র অরাজকতা ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, তবে দেশের মানুষকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে।"পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু এবং নারী সংসদ সদস্য রেহানা আক্তার রানু। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব।