উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী :, নওগাঁ প্রতিনিধি ||
নওগাঁর নিয়ামতপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজার ও ছাতড়া বিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানা যায়, বুধবার নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন ২ নম্বর চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ডিবির একটি আভিযানিক দল। এ সময় ছাতড়া বাজারে মোঃ বদিউজ্জামান (৪৮)-এর স্যানিটারী কারখানার সামনে থেকে মোঃ আমিনুল ইসলাম (৪৩) ও মোঃ বাবুল ইসলাম ওরফে বাবু (৩৮) নামে দুজনকে আটক করা হয়।পরে উপস্থিত লোকজনের সামনে তাদের দেহ তল্লাশি করা হলে মোঃ আমিনুল ইসলামের হেফাজত থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার করা এসব মাদকদ্রব্য বিক্রির কাজে মোঃ বাবুল ইসলাম ওরফে বাবু, আমিনুল ইসলামকে সহযোগিতা করছিলেন।এদিকে একই দিনে ডিবি পুলিশের অপর একটি দল নিয়ামতপুর উপজেলার ২ নম্বর চন্দননগর ইউনিয়নের ছাতড়া বিলের যাত্রী ছাউনীর সামনে অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ হাফিজুল ইসলাম (৩০), মোঃ দেলোয়ার হোসেন (৩৬) ও মোঃ রনি হাসান (২৪) নামে আরও তিনজনকে আটক করা হয়।পরে উপস্থিত লোকজনের সামনে তাদের তল্লাশি চালিয়ে মোঃ হাফিজুল ইসলামের হেফাজত থেকে আরও ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির কাজে হাফিজুল ইসলামকে সহযোগিতা করছিলেন মোঃ দেলোয়ার হোসেন ও মোঃ রনি হাসান।দুটি অভিযানে সর্বমোট ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়ামতপুর থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করা মাদকদ্রব্যের উৎস এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।