উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাহিদুল ইসলাম ফরহাদ :, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ||
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় রানীহাটি ঈদগাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা এইচ এম আলী হাসান মুজাহিদকে হেনস্তা এবং জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে গর্জে উঠেছেন স্থানীয় আলেম-ওলামারা। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. উমর ফারুকের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা সেক্রেটারি কারী মাওলানা মো. আব্দুল কাদের ও সাংগঠনিক সম্পাদক হাফেজ কারী মাওলানা মো. আইয়ুব আলী খানসহ শত শত ইমাম ও আলেম-ওলামা অংশ নেন।স্মারকলিপিতে জানানো হয়, জুমার খুতবায় 'হক ও সত্য কথা' বলাকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি গোষ্ঠী অপপ্রচার ও বিভ্রান্তি ছড়িয়ে খতিব মাওলানা এইচ এম আলী হাসান মুজাহিদকে অপদস্ত করেছে। পরবর্তীতে রাজনৈতিক উদ্দেশ্যে প্রভাব খাটিয়ে মসজিদ কমিটির মাধ্যমে তাকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়েছে।মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আলেম ও ইমাম সমাজ সমাজে সত্য ও ন্যায়ের বার্তা ছড়িয়ে দেন। খুতবায় সত্য কথা বলার কারণে একজন সম্মানিত ইমামকে হেনস্তা ও পদত্যাগে বাধ্য করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।এ সময় ইমাম নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী শুক্রবারের মধ্যে হেনস্তার শিকার ইমাম মাওলানা এইচ এম আলী হাসান মুজাহিদকে সসম্মানে নিজ পদে পুনর্বহাল না করা হলে আগামীতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। একই সাথে ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনগত শাস্তি এবং জেলায় সকল ইমামের সুরক্ষা ও সম্মান নিশ্চিত করতে জেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করা হয়।