উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাহিদুল ইসলাম ফরহাদ :, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ||
চাঁপাইনবাবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে অপহরণ করে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক জমি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের ‘চাঁপাই প্রেসক্লাব’-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন ভুক্তভোগী মো: মিনহাজ উদ্দিন (৫২)।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিনহাজ উদ্দিন জানান, শিবগঞ্জ উপজেলার সাবেক লাভাঙ্গা এলাকার পুলিশ সদস্য রাসেল আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী শহরের রাজপাড়া থানাধীন পূর্ব হড়গ্রাম আরবান ক্লিনিকের পাশ থেকে একটি অ্যাম্বুলেন্সে করে দেশীয় অস্ত্রের মুখে তাকে অপহরণ করা হয়।ভুক্তভোগীর দাবি, অপহরণের পর তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার নয়াগোলা এলাকায় অভিযুক্ত পুলিশ সদস্য রাসেল আলীর বাড়ির দ্বিতীয় তলায় আটকে রেখে শারীরিক নির্যাতন চালানো হয়। পরে পরিবারকে মেরে ফেলার হুমকি দিয়ে জোরপূর্বক শিবগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে তার ৩ কাঠা জমি (দলিল নং- ৮০৪৯) রেজিস্ট্রি করিয়ে নেয় প্রতিপক্ষরা।ঘটনার পর থেকে অভিযুক্তরা বিষয়টি নিয়ে মুখ খুললে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে বলেও অভিযোগ করেন তিনি। ফলে বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী পরিবার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, ভয়ভীতি দেখিয়ে সম্পাদন করা অবৈধ দলিলটি বাতিল এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানান।