উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সঞ্জু বনিক সৌরভ :, পঞ্চগড় প্রতিনিধি ||
পঞ্চগড়ের বোদা উপজেলায় খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন জোরদারের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘ফ্রেন্ডশিপ চেস কার্নিভাল’। মডার্ণ পাইথিয়ান গেমস বাংলাদেশ, বোদা উপজেলা কমিটির আয়োজনে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে এ দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।আয়োজকদের উদ্যোগে আয়োজিত এ দাবা আসরে অংশ নেন বিভিন্ন বয়সী দাবাপ্রেমীরা। নির্ধারিত নিয়ম ও শৃঙ্খলা মেনে অনুষ্ঠিত প্রতিযোগিতাকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা। প্রতিযোগিতার পাশাপাশি খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক পরিচিতি, বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার বিষয়টিও গুরুত্ব পায়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডার্ণ পাইথিয়ান গেমস বাংলাদেশ, পঞ্চগড় জেলা কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াহিদ মুরাদ (নয়ন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ রায়, সাংগঠনিক সম্পাদক মো. আসিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. হাসিবুল ইসলাম এবং আটোয়ারী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার বর্মন।এ ছাড়া অনুষ্ঠানে সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট সবুজ হোসাইনসহ সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।ফ্রেন্ডশিপ চেস কার্নিভালে সভাপতিত্ব করেন মডার্ণ পাইথিয়ান গেমস বাংলাদেশ, বোদা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. তোবারক হোসেন।আয়োজকরা জানান, দাবা শুধু বিনোদন কিংবা প্রতিযোগিতার একটি মাধ্যম নয়; এটি মননশীলতা, ধৈর্য ও কৌশলগত চিন্তার বিকাশেও ভূমিকা রাখে। একই সঙ্গে খেলাধুলাকে কেন্দ্র করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক তৈরির সুযোগ সৃষ্টি হয়।তাদের মতে, তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সংস্কৃতিমুখী কর্মকাণ্ডে যুক্ত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতির পরিবেশ তৈরিতে এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বিশেষ করে দাবার মতো বুদ্ধিবৃত্তিক খেলাকে ঘিরে নিয়মিত আয়োজন হলে স্থানীয় পর্যায়ে নতুন খেলোয়াড় তৈরির সুযোগও বাড়বে।মডার্ণ পাইথিয়ান গেমস বাংলাদেশ, বোদা উপজেলা কমিটি জানিয়েছে, ভবিষ্যতে পঞ্চগড়ের অন্যান্য উপজেলাতেও এ ধরনের বন্ধুত্বপূর্ণ দাবা আয়োজন ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে খেলাধুলার চর্চা বাড়ানোর পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতির বার্তা আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।