উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোহাম্মদ সাদী :, কেরানীগঞ্জ প্রতিনিধি ||
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কেরানীগঞ্জে সম্পন্ন হয়েছে মারকাযুত তাহসিন ফাউন্ডেশন বাংলাদেশের ‘৫ম বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতা–২০২৬’।গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকার ঐতিহ্যবাহী আল-মা‘হাদুল ইসলামী লি-তাহফিযীল কোরআন মাদরাসা প্রাঙ্গণে দিনব্যাপী এই কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।কেরানীগঞ্জের বিভিন্ন প্রান্তের ৬০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত চার শতাধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি মূলত ৫ পারা, ১০ পারা, ২০ পারা এবং হুসনে সওত (সুন্দর কণ্ঠের তিলাওয়াত)—এই চারটি পৃথক বিভাগে বিভক্ত ছিল। সকাল থেকে গভীর মনোযোগ ও ভাবগাম্ভীর্যের সঙ্গে বিচারকগণ পুঙ্খানুপুঙ্খভাবে শিক্ষার্থীদের তিলাওয়াতের মান ও হিফজের পারদর্শিতা মূল্যায়ন করেন।প্রতিযোগিতার সার্বিক বিচার কার্যে দায়িত্ব পালন করেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (কওমী মাদরাসা শিক্ষা বোর্ড) এবং হুফ্ফাজুর কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের প্রখ্যাত বিচারকমণ্ডলী। তাঁদের কঠোর ও নিরপেক্ষ মূল্যায়নের ভিত্তিতে প্রতিটি গ্রুপের সেরা বিজয়ীদের নির্বাচন করা হয়।প্রতিযোগিতা শেষে আসর নামাজের পর আয়োজিত হয় আকর্ষণীয় পুরস্কার বিতরণী ও সনদ হস্তান্তর পর্ব। এতে প্রতিটি বিভাগে প্রথম থেকে দশম স্থান লাভ করা বিজয়ী হাফেজদের হাতে ক্রেস্ট, আকর্ষণীয় উপহার সামগ্রী ও সনদ তুলে দেওয়া হয়। পাশাপাশি ১১তম থেকে ২০তম অবস্থান অর্জনকারীদের মাঝে বিশেষ সম্মাননা সনদ বিতরণ করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা এবং কেন্দ্রীয় কমিটির সদস্যদের বিশেষ সম্মাননা স্মারকে ভূষিত করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও বেফাকের সিনিয়র পরিদর্শক মাওলানা আতিকুর রহমান ভূঁইয়া, উপদেষ্টা ও ইমামবাড়ী মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল আলী কিশোরগঞ্জী, প্রতিষ্ঠাতা সভাপতি শায়খুল হুফ্ফাজ মাওলানা জুনাইদ আল হাবিব, মহাসচিব মাওলানা শাব্বীর হাসান আল হাদীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশিষ্ট উলামায়ে কেরাম ও গুণী শিক্ষকমণ্ডলী।আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, উদীয়মান কোমলমতি শিক্ষার্থীদের কোরআন হিফজ ও তিলাওয়াতের প্রতি আগ্রহ সৃষ্টি, তরুণ হাফেজদের উৎসাহিত করা এবং সমাজে কোরআন চর্চার আবহাওয়া ফুটিয়ে তোলাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য।পরিশেষে বিজয়ী ও অংশগ্রহণকারী সকল হাফেজদের সাফল্য কামনা এবং দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনায় দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।