উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাহিদুল ইসলাম ফরহাদ :, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ||
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় বিজিবির এক বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ও ক্ষতিকর নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে। সীমান্তবর্তী শাহবাজপুর এলাকা থেকে ৪৯ বোতল এই ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। উদ্ধারকৃত এসব সিরাপের আনুমানিক সিজার মূল্য প্রায় ১৯ হাজার ৬০০ টাকা।বিজিবি সূত্র নিশ্চিত করে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১টা ৪৫ মিনিটে তেলকুপি বিওপির একটি বিশেষ টহল দল আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮০/৯-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান শুরু করে। শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া এলাকায় চোরাচালানবিরোধী এ ঝটিকা তল্লাশি চলাকালে সীমান্ত পার করে আনা মালিকবিহীন অবস্থায় ৪৯ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (এসজিপি, বিএফএম, পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "তরুণ সমাজ ও আগামী প্রজন্মকে মাদকের কুফল এবং ক্ষতিকর ধ্বংসাত্মক প্রভাব থেকে রক্ষা করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জিরো টলারেন্স নীতি বজায় রেখে কাজ করছে।" সীমান্ত এলাকায় সব ধরনের মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির এই কঠোর অবস্থান ও ঝটিকা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।উদ্ধারকৃত এসব অবৈধ সিরাপের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।