উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ আবু কাওছার মিঠু :, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় নিয়ম-নীতির তোয়াক্কা না করে ও নিবন্ধন ব্যতীত অবৈধভাবে মাংস বিক্রির অপরাধে ছয় মাংস ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী রূপগঞ্জের ভুলতা এলাকার বিভিন্ন গরুর মাংসের দোকানে এই বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়।রূপগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল কুমার দাসসহ রূপগঞ্জ থানা পুলিশ ও আনসার বাহিনীর একটি চৌকস দল।অভিযানের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল কুমার দাস জানান, রূপগঞ্জের বিভিন্ন হাটে-বাজারে একশ্রেণীর মাংস বিক্রেতারা কোনো প্রকার সরকারি আইনি নিয়ম-নীতি ও স্বাস্থ্যবিধি না মেনেই ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল।এরই প্রেক্ষিতে ভুলতা এলাকার মাংসের দোকানগুলোতে ঝটিকা অভিযান চালানো হয়। সরকারি নিবন্ধন ব্যতিরেকে মাংস বিক্রির দায়ে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে ৬ জন মাংস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থ ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের মশক ও খাদ্য মান নিয়ন্ত্রণ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।