উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাহাঙ্গীর আলম :, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ||
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দীর্ঘদিনের পলাতক ও একাধিক পরোয়ানাভুক্ত দুর্ধর্ষ আসামি ইকবাল খাঁ (৩৬)-কে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টা ৪৫ মিনিটে উপজেলার সিংগারবিল ইউনিয়নের মেরাশানী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।গ্রেফতারকৃত ইকবাল খাঁ বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের মেরাশানী গ্রামের ময়াল খাঁ (প্রকাশ মাওয়াল খাঁ / মালু খাঁ)-এর ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, বিজয়নগর থানার অফিসার ইনচার্জের (ওসি) সার্বিক নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুবুল আলমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ চৌকস দল এই গভীর রাতে অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই মো. মাহবুবুল আলম ছাড়াও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান, এএসআই আমিনুল ইসলাম এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করেন।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, ইকবাল খাঁ একজন পেশাদার অপরাধী এবং তার বিরুদ্ধে মোট ২২টি মামলা বিচারাধীন রয়েছে। যার মধ্যে ১৯টি মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং ৩টি মামলা মারামারি ও সহিংসতার ঘটনায় দায়ের করা হয়েছিল। এর মধ্যে বিজয়নগর থানায় দায়ের করা অন্তত ৬টি মাদক মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।দীর্ঘদিন ধরে পুলিশের নজর এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকা এই আসামিকে গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।