উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু নাঈম রিপন :, নরসিংদী প্রতিনিধি ||
নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন পরিষদ কর্তৃক বাস্তবায়িত একাধিক উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পুটিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-৩ (শিবপুর) আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী। পুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের উন্নয়ন মূলক বিভিন্ন প্রকল্পের তথ্যচিত্র তুলে ধরেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী বলেন, "রাজস্ব অর্জন ও জনসংখ্যা—উভয় দিক বিবেচনাতেই পুটিয়া শিবপুর উপজেলার মধ্যে অত্যন্ত সমৃদ্ধ একটি 'মডেল ইউনিয়ন'। এটিকে শিবপুরের হৃদপিণ্ড বলা চলে।" যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে তিনি বলেন, "একজনের পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়, এজন্য সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। কারও সন্তান মাদকাসক্ত হয়ে পড়লে তাঁর চিকিৎসার অর্ধেক খরচ আমি নিজে বহন করব, তবুও শিবপুরকে মাদকমুক্ত করতে হবে।"অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না, নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হতে হবে।" পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সামাজিক-সাংস্কৃতিক চর্চা মন ও মানসিকতার সংকীর্ণতা দূর করতে বড় ভূমিকা রাখে বলেও উল্লেখ করেন তিনি।আলোচনা সভা শেষে প্রতিটি স্কুল থেকে বাছাইকৃত ১৫ জন শিক্ষার্থীর মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া এলাকার হতদরিদ্র পরিবারগুলোর মাঝে ঢেউটিন ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পরবর্তীতে বিভিন্ন নতুন উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষণা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুটিয়া ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মোঃ এনামুর রহমান ভূঁইয়া, হিসাব সহকারী আব্দুর রহিম, উদ্যোক্তা মোঃ সালাউদ্দিন সরকারসহ ইউপি সদস্য ফাতেমা আক্তার শাহাজাদী, মালেকা বেগম, মোঃ হান্নান মিয়া, মাহাবুব মিয়া, এরশাদ মিয়া, আবুল বাশার খান, মোঃ রুমান পাঠান ও মোঃ রতন মিয়া।