উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ আবু কাওছার মিঠু :, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুঃসাহসিক ডাকাতির ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে অস্ত্র ও লুন্ঠিত স্বর্ণালংকারসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।ঘটনাটি ঘটে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া গ্রামের কাজীপাড়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শেষ রাতে ১২ থেকে ১৩ জনের একদল মুখোশধারী ডাকাত আগ্নেয়াস্ত্র, রামদা, চাইনিজ কুড়াল ও লোহার রড নিয়ে জমি ব্যবসায়ী আবুল হোসেনের বসতবাড়িতে চড়াও হয়। ডাকাতদল কলাপসিবল গেট ও ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে গৃহকর্তা আবুল হোসেন (৬৫), তাঁর স্ত্রী রণি বেগম (৫৮) এবং ছেলে আল-আমিনকে (৩৫) মারধর করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে।পরবর্তীতে ডাকাতেরা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বাসা থেকে ১৭ ভরি স্বর্ণালংকার ও জমির বায়নার সাড়ে ৩ লাখ টাকাসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট করে নেয়। একপর্যায়ে স্থানীয় নগরপাড়া জামে মসজিদের মাইকে ডাকাতির ঘোষণা দেওয়া হলে আশপাশের মানুষ ধাওয়া দেয়। তখন ডাকাত দলটি দ্রুত একটি কালো রঙের মাইক্রোবাস ও পিকআপ ভ্যানে চড়ে নরসিংদীর দিকে পালিয়ে যায়।ঘটনার খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। সকালে ভুলতা পুলিশ ফাঁড়ি এলাকায় স্থানীয় উৎসুক জনতা সন্দেহভাজন ৫ ডাকাতকে ঘিরে ফেলে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদের কাছ থেকে লুটে নেওয়া সোয়া ৬ ভরি স্বর্ণালংকার, একটি পিকআপ ভ্যান এবং ডাকাতিতে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র জব্দ করে।গ্রেপ্তারকৃতরা হলো— নরসিংদীর মাধবদী এলাকার মো. তামজিদ মিয়া (২২), মো. শাহিন মিয়া (৩১), মো. শামিম মিয়া (২৬), হৃদয় দাস (২০) এবং কুমিল্লার হোমনা এলাকার মো. শরিফ মিয়া (৩৫)।এ ঘটনায় ব্যবসায়ী আবুল হোসেনের ছেলে আল জাবের রানা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৭–৮ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সোয়া ৬ ভরি উদ্ধারকৃত স্বর্ণালংকারসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে। বাকি মালামাল উদ্ধার এবং ডাকাত দলের অন্য পলাতক সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।