উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাহাঙ্গীর আলম :, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ||
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের অবকাঠামো ও চিকিৎসাসেবা নিয়ে নানা অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। নিয়মিত চিকিৎসক না পাওয়া, প্রয়োজনীয় ওষুধের ঘাটতি এবং জরাজীর্ণ অবকাঠামোর কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ তাদের।মনিয়ন্দ ইউনিয়ন কমপ্লেক্সের পাশে অবস্থিত এ স্বাস্থ্যকেন্দ্রটি প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের চিকিৎসাসেবার অন্যতম ভরসাস্থল। স্থানীয়দের দাবি, অনেক সময় রোগীরা কেন্দ্রে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও ওষুধ না পেয়ে অন্যত্র যেতে বাধ্য হন। এতে তাদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রটির ইনচার্জ হিসেবে রিনা বেগম দায়িত্ব পালন করছেন। তবে স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে বলে জানা গেছে।এদিকে, স্বাস্থ্যকেন্দ্রটির বিভিন্ন বিষয় নিয়ে তথ্য সংগ্রহের সময় সাংবাদিকদের সঙ্গে কর্মরত কয়েকজনের বাকবিতণ্ডার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন উপস্থিত সাংবাদিকরা। অসৌজন্যমূলক আচরণ ও হুমকিসূচক বক্তব্য দেওয়ার অভিযোগও উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্যকেন্দ্রটির কার্যক্রম নিয়মিত তদারকির আওতায় আনা, চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ নিশ্চিত করা এবং জরাজীর্ণ অবকাঠামো সংস্কারের দাবি জানিয়েছেন।তাদের দাবি, অভিযোগগুলো তদন্ত করে অনিয়ম বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।