উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামির মধ্যে দুই অপ্রাপ্তবয়স্ক কিশোরকে গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) পাঠানো হয়েছে। অপর দুই প্রাপ্তবয়স্ক আসামিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা তিনটার দিকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ওই দুই কিশোরকে টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রটির তত্ত্বাবধায়ক মো. এমরান খান জানান, দুই কিশোরের বয়স যথাক্রমে ১৫ ও ১৬ বছর। তারা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আদালতের নির্দেশানুসারে কারাবাসের বদলে তাদের শিশু উন্নয়ন কেন্দ্রে রাখা হয়েছে।আলোচিত এই হত্যাকাণ্ডে পুলিশ প্রথমে প্রধান আসামি সাইফুল ইসলাম ওরফে তুহিন (১৯) সহ তিনজনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তদন্তের সূত্রে মো. সিয়াম (১৯) নামের আরও এক যুবককে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। চার আসামিকে আদালতে হাজির করা হলে বয়স বিবেচনা করে দুজনকে শিশু উন্নয়ন কেন্দ্রে এবং বাকি দুজন—তুহিন ও সিয়ামকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।নিহত ইশায়াত শাহরিয়ার অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ছিল। উল্লেখ্য, গত শুক্রবার কুমিল্লার কোটবাড়ীর গন্ধমতী এলাকার ভাড়া বাসা থেকে বের হয়ে অপ্রতিম নিখোঁজ হয়। পরদিন দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার নিথর মরদেহ উদ্ধার করে পুলিশ।