উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন সংসদ সদস্য ভবনে (ন্যাম ভবন) এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। নিহত মোছা. মরিয়ম খাতুন (১৯) সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেজগাঁও বিভাগের সিএইচডি ও পুলিশ প্রশাসন জানান, লাশটি উদ্ধারকালে ঝুলন্ত অবস্থায় ছিল। মৃত্যুর সঠিক কারণ ও আলামত সংগ্রহের জন্য সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।এদিকে ঘটনাটিকে ঘিরে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কারণ, এর আগে রাজধানীর পল্লবী থানায় দায়ের হওয়া একটি অনৈতিক সম্পর্ক ও মারধরের মামলায় গ্রেপ্তার এড়াতে হাইকোর্ট থেকে অর্জিত জামিননামা রোববারই ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে দাখিল করেছিলেন এমপি গাজী নজরুল ইসলাম।উল্লেখ্য, অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করা ও ভিডিও ফাঁসের সন্দেহে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ এনে গত ২১ জুলাই গাজী নজরুলের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা করেন তাঁর ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান। উক্ত মামলায় গত ১০ আগস্ট হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন তিনি। জামিন সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ করার দিনই ন্যাম ভবনে তাঁর স্ত্রীর এমন রহস্যজনক মৃত্যুর খবর এলো।