উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ রফিকুল ইসলাম সোহাগ :, সুনামগঞ্জ প্রতিনিধি ||
সুনামগঞ্জের তাহিরপুরে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের বাবা সরাফত আলীও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।শনিবার (২০ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তিন শিশু হলো—মাওয়া আক্তার, শামিম মিয়া ও তামিম মিয়া।পুলিশ ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার রাতে সরাফত আলী তার তিন সন্তানকে নিয়ে ঘুমাতে যান। ভোররাতে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে ঘরের দরজা খুলে চারজনকে উদ্ধার করেন। পরে তাদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় সরাফত আলীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক বিরোধের কারণে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে।পুলিশ তিন শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।