উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সঞ্জু বনিক সৌরভ :, পঞ্চগড় প্রতিনিধি ||
পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে এক হাজারের বেশি তালবীজ বপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত কালীগঞ্জ’। পরিবেশবান্ধব এ উদ্যোগে সংগঠনের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করেন।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের প্রধানাবাদ ঢাকাইয়া পাড়া ক্যানাল-সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় স্বেচ্ছাসেবীরা ক্যানালের বিভিন্ন স্থানে তালবীজ বপন করেন।কর্মসূচির আগে সংগঠনের সদস্যরা বিভিন্ন বাড়ি থেকে তালবীজ সংগ্রহ করে তা বপনের জন্য প্রস্তুত করেন। স্থানীয় বাসিন্দারাও নিজেদের বাড়ি থেকে তালবীজ দিয়ে উদ্যোগটিকে এগিয়ে নিতে সহযোগিতা করেন।আয়োজকদের মতে, তালগাছ দীর্ঘমেয়াদে পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি খোলা মাঠ ও গ্রামীণ এলাকায় তালগাছের বিস্তার বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় সহায়ক হতে পারে—এমন ধারণা থেকেই সচেতনতা তৈরির পাশাপাশি তালবীজ বপনের এ উদ্যোগ নেওয়া হয়েছে।আলোকিত কালীগঞ্জ-এর সভাপতি হাসান রায়হান বলেন, “গাছ লাগিয়ে তা মানুষের উপকারে আসার মতো অবস্থায় পৌঁছানো সাদকায়ে জারিয়ার একটি মাধ্যম হতে পারে। পরিবেশ রক্ষায় সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করে যেতে চায়।”তিনি বলেন, শুধু একটি দিনের কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না থেকে এসব গাছের পরিচর্যা ও সংরক্ষণেও স্থানীয়দের সম্পৃক্ত করার চেষ্টা থাকবে।কর্মসূচিতে সংগঠনের সহসভাপতি বরকত আলী, সদস্য সাজেদুল ইসলাম, সাখাওয়াত হোসেন, ইয়াছিন আলীসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।স্বেচ্ছাসেবীরা জানান, বপন করা তালবীজগুলো যাতে নষ্ট না হয়, সেদিকে স্থানীয়ভাবে নজর রাখা হবে। ভবিষ্যতে উপজেলার বিভিন্ন এলাকায় আরও তালবীজ বপন ও পরিবেশ সংরক্ষণমূলক কর্মসূচি পরিচালনার পরিকল্পনাও রয়েছে।আয়োজকদের প্রত্যাশা, আজকের বপন করা এসব বীজ একদিন বড় তালগাছে পরিণত হয়ে এলাকার প্রাকৃতিক পরিবেশে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে গাছ লাগানো ও পরিবেশ রক্ষার বিষয়ে সচেতনতা তৈরিতেও এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।