উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সঞ্জু বনিক সৌরভ :, পঞ্চগড় প্রতিনিধি ||
পঞ্চগড়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থী ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে জড়িত প্রত্যেক ব্যক্তিকে বিচারের মুখোমুখি করতে হবে। বক্তারা বলেন, “দোষীদের বিচারের মুখোমুখি করতে হবে। আমরা ন্যায়বিচার চাই।”চেয়ারম্যান নুরুজ্জামান নুরু বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সমাজের সবার দায়িত্ব। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত কিশোরী পঞ্চগড় সদর উপজেলার শালমারা ভিতরগড় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ১০ সেপ্টেম্বর রাতে তাকে কৌশলে অপহরণ করে একটি বাড়িতে নিয়ে যাওয়ার পর ধর্ষণের অভিযোগ ওঠে।এজহারে আরও উল্লেখ করা হয়েছে, পরে আসামিদের হুমকি ও মানসিক চাপে ওই কিশোরী বিষপান করে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৪ সেপ্টেম্বর রাতে তার মৃত্যু হয়।এ ঘটনায় সোহেল (২৫) ও রফিকুল ইসলাম ওরফে বাঘা মন্টু (২৩) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় এলাকার ঝেচুপাড়া গ্রামের বাসিন্দা।মানববন্ধন থেকে বক্তারা দ্রুত তদন্ত শেষ করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি শিক্ষার্থী ও নারীদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।বক্তারা বলেন, অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে কারা জড়িত, তাদের ভূমিকা কী ছিল—তা স্পষ্ট করতে হবে। একই সঙ্গে তদন্তে কোনো ধরনের প্রভাব বা চাপ যেন কাজ না করে, সে বিষয়েও প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।স্থানীয়দের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের পথে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি বাড়ানোর পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রশাসন ও সমাজের সব পক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।