উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোহাম্মদ সাদী :, কেরানীগঞ্জ প্রতিনিধি ||
কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকায় পানগাঁও কন্টেইনার পোর্ট সড়কের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ অপসারণ করা হয়েছে।স্থানীয়দের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আশপাশের বিভিন্ন এলাকা থেকে রাতের আঁধারে ড্রামট্রাকে করে নিয়মিত ওই স্থানে ময়লা ফেলা হতো। এ ঘটনায় কোন্ডা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতির বিরুদ্ধে অর্থের বিনিময়ে সেখানে ময়লা ফেলার সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে।ময়লার স্তূপের কারণে সড়কটি সংকীর্ণ হয়ে পড়ার পাশাপাশি সৃষ্টি হয় দুর্গন্ধ। একই সঙ্গে মশা-মাছির উপদ্রব ও রোগজীবাণুর বিস্তারে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা।এমন পরিস্থিতিতে পরিবেশ রক্ষা ও জনদুর্ভোগ কমাতে ময়লা অপসারণের উদ্যোগ নেয় পিয়ারলেস ইয়ুথ ক্লাব। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ উদ্যোগে সার্বিক সহযোগিতা করেছে আনভীর বসুন্ধরা গ্রুপ এবং দোলেশ্বর ১ নম্বর ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এই সময় সায়মন চৌধুরী অভিযোগ করে বলেন, কোন্ডা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি অর্থের বিনিময়ে গুরুত্বপূর্ণ এই সড়কের পাশে ময়লা ফেলার অনুমতি দেওয়ায় দীর্ঘদিন ধরে এলাকায় দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছিল। এতে মশার উপদ্রবসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হয় বলেও দাবি করেন তিনি। তার দাবি, সাম্প্রতিক সময়ে এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে এবং কয়েকজনের মৃত্যুও হয়েছে।১৬ সেপ্টেম্বর সকাল ১১টায় পানগাঁও কন্টেইনার পোর্ট সড়কের দোলেশ্বর অংশে পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে দীর্ঘদিনের জমে থাকা ময়লার স্তূপ অপসারণ করা হয়।আয়োজকদের দাবি, শুধু ময়লা অপসারণ করাই নয়, ভবিষ্যতে যাতে কেউ আবার ওই স্থানে অবৈধভাবে ময়লা ফেলতে না পারে, সে বিষয়েও স্থানীয়দের সচেতন করা হবে।তবে শ্রমিক দল নেতার বিরুদ্ধে ওঠা অর্থের বিনিময়ে ময়লা ফেলার সুযোগ করে দেওয়ার অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি।