উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চামেলী আক্তার প্রিয়া:, নিজস্ব প্রতিবেদক ||
নীলফামারীর সৈয়দপুরে এক তরুণীর ছবি বিকৃত ও আপত্তিকরভাবে সম্পাদনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে সৈয়দপুর শহরের সাহেবপাড়া লিচু বাগান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কামাল হোসেনের ছেলে সুজন মিয়া (২৫), তাঁর ভাই শাকির রানা (৩০) এবং শাকির রানার স্ত্রী মাহিমা ইসলাম শাম্মী (২৫)।মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে জানা যায়, সুজন মিয়া ওই তরুণীকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। একপর্যায়ে পরিবারের অজান্তে তাঁকে বিয়ে করার অভিযোগ ওঠে। পরে বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হলে পারিবারিকভাবে সমাধানের চেষ্টা চলছিল।এ সময় সুজনের পরিবারের সদস্যরা তরুণীকে দেখতে তাঁদের বাড়িতে যান এবং তাঁর ছবি সংগ্রহ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরবর্তীতে ওই ছবিগুলো বিকৃতভাবে সম্পাদনা করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার।বিষয়টি জানাজানি হওয়ার পর ভুক্তভোগী ও তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। পরে তরুণীর বাবা সালাম রেজা বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা করেন।মামলার পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, তরুণীর ছবি বিকৃতভাবে সম্পাদনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের ১৯(ক)/২৫/২৭ ধারায় মামলা করা হয়েছে। মামলাটি নম্বর ৭।তিনি আরও জানান, গ্রেপ্তার তিনজনকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।