উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুলেন্দু শেখর দাস :, সুনামগঞ্জ প্রতিনিধি ||
সুনামগঞ্জের ১২টি উপজেলার তৃণমূল নেতাকর্মীদের নিয়ে জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরের শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে জেলা জাতীয় পার্টির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মণির উদ্দিন মণিরের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শামীম হায়দার পাটোয়ারী।সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, মো. আরিফুর রহমান খান, চেয়ারম্যান জি এম কাদেরের উপদেষ্টা মো. খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান আহাদ ইউ চৌধুরী শাহিন, সিলেট বিভাগীয় জাতীয় পার্টির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহিরসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।প্রধান অতিথির বক্তব্যে শামীম হায়দার পাটোয়ারী জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি দাবি করেন, এরশাদের আমলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও উপজেলা ব্যবস্থা চালুর মাধ্যমে তৃণমূল পর্যায়ে জনপ্রতিনিধিত্বের সুযোগ তৈরি হয়েছিল।দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন তিনি। তিনি বলেন, রাজনৈতিক বিভাজন ও সহিংসতার পরিবর্তে জনগণের প্রত্যাশা ও অধিকারকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করা প্রয়োজন।রংপুরে একটি পরিবারের চার সদস্য হত্যার প্রসঙ্গ তুলে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।আগামী দিনে সুনামগঞ্জে জাতীয় পার্টির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে শামীম হায়দার পাটোয়ারী জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কমিটিগুলো পুনর্গঠন ও তৃণমূল নেতাকর্মীদের আরও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জনগণের বিভিন্ন দাবি নিয়ে দলীয়ভাবে আন্দোলন-সংগ্রাম জোরদারের আহ্বান জানান।