উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সঞ্জু বনিক সৌরভ :, পঞ্চগড় প্রতিনিধি ||
শিক্ষার আলো থেকে যেন কেউ পিছিয়ে না থাকে—এমন প্রত্যয় ও সচেতনতার বার্তা নিয়ে পঞ্চগড়ের বোদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বোদা উপজেলা প্রশাসন ও উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে র্যালিটি বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়।পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল আজাদ রয়েল।তিতোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম।আলোচনায় বক্তারা বলেন, উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শতভাগ সাক্ষরতা নিশ্চিত করা জরুরি। নিরক্ষরতা দূর করার পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি উপ-আনুষ্ঠানিক শিক্ষার কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন।বক্তারা আরও বলেন, সাক্ষরতা কেবল অক্ষরজ্ঞান অর্জনের বিষয় নয়; এটি মানুষের জীবনমান উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির গুরুত্বপূর্ণ ভিত্তি। সমাজের প্রতিটি মানুষকে সাক্ষরতার আওতায় আনতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণমাধ্যম ও সাংস্কৃতিক কর্মী মাজেদুল ইসলাম আকাশ, মাঝগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, এনামুল হক, মিজানুর রহমান এবং ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার-এর সম্পাদক শিক্ষার্থী শিমু আক্তারসহ অনেকে।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।