উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সঞ্জু বনিক সৌরভ :, পঞ্চগড় প্রতিনিধি ||
পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।রোববার (৬ সেপ্টেম্বর) বোদা উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত ও শিশুদের সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, এমপি।কর্মসূচির মাধ্যমে স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ সম্পদের সংরক্ষণ এবং প্রাকৃতিক জলসম্পদের সুষ্ঠু ব্যবহারে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি শিশুদের ছোটবেলা থেকেই সাঁতারে দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।আয়োজকরা জানান, পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধে সাঁতার শেখার বিকল্প নেই। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি জরুরি পরিস্থিতিতে নিজেদের নিরাপদ রাখার সক্ষমতা তৈরি হবে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে।অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, জলজ সম্পদ সংরক্ষণ ও মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি শিশুদের সাঁতার শেখানোর মতো কার্যক্রম সামাজিক ও মানবিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে নিরাপদ, সচেতন ও দক্ষ প্রজন্ম গড়ে তোলা সম্ভব।