উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকটে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে সংকট মোকাবিলায় সরকারের পক্ষ থেকে কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।শনিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।তারেক রহমান বলেন, বর্তমানে দেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি জ্বালানি সংকট। এতে দেশের বহু মানুষ কষ্ট পাচ্ছেন। সরকার বিষয়টি অস্বীকার করছে না। সংকট সমাধানে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং তা বাস্তবায়নে কিছুটা সময় প্রয়োজন।তিনি বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের কোনো সংকট তৈরি হলেও যাতে দেশের মানুষ একই ধরনের জ্বালানি সংকটে না পড়েন, সে লক্ষ্যেও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে।প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার বর্তমানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকায় শিল্প-কারখানার মালিকসহ সাধারণ মানুষ জ্বালানি সংকটে যে ভোগান্তির শিকার হচ্ছেন, তার জন্য তিনি ও দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছেন।তিনি আরও বলেন, অতীত সরকারের রেখে যাওয়া সমস্যাগুলোকে শুধু অজুহাত হিসেবে তুলে না ধরে সরকার বাস্তব পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরতে চায়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে জনগণকে এ ধরনের সংকটে পড়তে না হয়, সে অনুযায়ী কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।অনুষ্ঠানের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।আলোচনা সভা সঞ্চালনা করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম ও মো. ইসমাইল জবিউল্লাহসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।