উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বই পড়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।শুক্রবার ঢাকার একটি স্থানীয় হোটেলে বিশ্বসাহিত্য কেন্দ্র ও বিকাশ আয়োজিত ‘যৌথ উদ্যোগে বইপড়া কর্মসূচির ১২ বছর’ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। তাই তাদের জ্ঞান, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে ভালো বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে ভূমিকা রাখতে হবে।তিনি বলেন, শিক্ষাব্যবস্থাকে আরও আনন্দময় ও সৃজনশীল করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। খেলাধুলা, সংস্কৃতি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং আনন্দময় শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। এসব উদ্যোগ শিক্ষার্থীদের দক্ষতা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি ভবিষ্যতে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।ড. এহছানুল হক মিলন আরও বলেন, সমাজের উন্নয়নে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মানবিক, সৃজনশীল ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে রাষ্ট্রের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের বিভিন্ন পক্ষকে এগিয়ে আসতে হবে।তরুণ সমাজকে মাদক ও অতিরিক্ত মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী।অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খন্দকার মো. আসাদুজ্জামান এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির বক্তব্য দেন।