উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুলেন্দু শেখর দাস :, সুনামগঞ্জ প্রতিনিধি ||
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিদ্যুতের তার থেকে আগুন লেগে তিনটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ঘরের আসবাবপত্র, ধান-চাল, কম্পিউটার, ল্যাপটপসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে জানা গেছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়কলস ইউনিয়নের দেবগ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, দেবগ্রামের সুকেশ দেব, বাবুল দেব ও কৃষ্ণ দেবের বসতঘর পাশাপাশি। প্রথমে সুকেশ দেবের ঘরে বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দুটি ঘরেও ছড়িয়ে পড়ে।আগুনের খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর কাজে যোগ দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দুই থেকে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে তিন পরিবারের ঘরের অধিকাংশ মালামাল পুড়ে যায়।শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. ফজল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে বসতঘরে থাকা কম্পিউটার, ল্যাপটপ, দোকানের মালামাল, ধান-চালসহ বিভিন্ন জিনিস পুড়ে গেছে।