উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডেস্ক : ||
ভারতের মহারাষ্ট্রে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে অংশ নিয়ে সবাইকে চমকে দিয়ে বিজয়ী হয়েছেন ৪৭ বছর বয়সী রামাবাই রানভীর। প্রতিযোগিতায় পাওয়া ৩ হাজার রুপি পুরস্কারের অর্থ মেয়ের পড়াশোনার পেছনে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, মহারাষ্ট্রের বিড জেলার আম্বাজোগাইয়ে এ ঘটনা ঘটে।ভারতীয় শিক্ষা প্রসারক সংস্থার খোলেশ্বর এডুকেশনাল কমপ্লেক্সের অমৃত মহোৎসব উপলক্ষে ‘অমৃত দৌড়’ নামে এ ম্যারাথনের আয়োজন করা হয়। আম্বাজোগাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ চৌক থেকে শুরু হয়ে ভাগ্যনগর চৌকে গিয়ে শেষ হয় দৌড়টি। এতে স্থানীয় বিভিন্ন বয়সী প্রতিযোগীরা অংশ নেন।রামাবাইও সাধারণ শাড়ি ও স্লিপার পরে দৌড়ে অংশ নেন। তবে দৌড় শুরুর পর বারবার স্লিপার খুলে যেতে থাকায় তিনি সেগুলো হাতে তুলে নেন এবং খালি পায়েই দৌড়াতে শুরু করেন।রাস্তার পাথরসহ নানা প্রতিবন্ধকতা এবং শাড়ি সামলে দৌড়ালেও নিজের গতি থামাননি রামাবাই। একপর্যায়ে জুতা ও ট্র্যাকস্যুট পরা বেশ কয়েকজন তরুণ প্রতিযোগীকেও পেছনে ফেলে এগিয়ে যান তিনি।শেষ পর্যন্ত সবার আগে ফিনিশিং লাইন অতিক্রম করে ম্যারাথনের বিজয়ী হন রামাবাই। তার এই ব্যতিক্রমী জয় উপস্থিত দর্শক ও আয়োজকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।বিজয়ী হিসেবে পাওয়া ৩ হাজার রুপি কী করবেন—এমন প্রশ্নে রামাবাই জানান, পুরস্কারের পুরো অর্থ তিনি মেয়ের পড়াশোনার খরচে ব্যয় করবেন।তার এই উদ্যোগে শুধু ম্যারাথনে জয় নয়, সন্তানের শিক্ষার প্রতি একজন মায়ের দায়িত্ববোধ ও অঙ্গীকারও উঠে এসেছে বলে মনে করছেন আয়োজকরা।সূত্র:এনডিটিভি