উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
রেললাইন ভেঙে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আবারও লাইনচ্যুত হয়েছে ঢালারচর এক্সপ্রেস। এতে রাজশাহীর সঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের রেল যোগাযোগ ফের বন্ধ হয়ে গেছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টার দিকে পাবনা থেকে রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস হরিয়ান স্টেশনের কাছে পৌঁছালে একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, হরিয়ান স্টেশনের কাছে ঢালারচর এক্সপ্রেসের একটি বগির দুটি চাকা লাইন থেকে বেরিয়ে গেছে। উদ্ধারকাজের জন্য ঈশ্বরদী স্টেশন থেকে রিলিফ ট্রেন পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রিলিফ ট্রেন পৌঁছানোর পর উদ্ধারকাজ শুরু হবে এবং কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।এর আগে মঙ্গলবার ভোরে আড়ানী রেলস্টেশনের কাছে রেললাইনে ভাঙন দেখা দেওয়ায় রাজশাহীর সঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ৬টার দিকে ভাঙন শনাক্ত হওয়ার পর ওই পথে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।রেললাইন মেরামতের সময় পথে ও বিভিন্ন স্টেশনে অন্তত ছয়টি ট্রেন আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। পরে রেলওয়ের প্রকৌশলীরা ঘটনাস্থলে গিয়ে মেরামতকাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে লাইন মেরামত শেষ হলে ট্রেন চলাচল ফের শুরু হয়।তবে কয়েক ঘণ্টার ব্যবধানেই হরিয়ান স্টেশনের কাছে ঢালারচর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় আবারও বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ। একই দিনে রেললাইন ভাঙা ও ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় যাত্রীদের মধ্যে উদ্বেগ ও ভোগান্তি দেখা দিয়েছে।রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শুরু হবে। উদ্ধারকাজ শেষ করে রেললাইন চলাচলের উপযোগী করা হলে পর্যায়ক্রমে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।