উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাহিদুল ইসলাম ফরহাদ :, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ||
চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় অনুমোদিত মাত্রার বেশি শব্দ সৃষ্টিকারী আটটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দ্বারিয়াপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।অভিযান সূত্রে জানা যায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর ৬(২) ধারা লঙ্ঘন করে যানবাহনে অনুমোদিত মাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে চারটি ট্রাক ও দুটি বাসের চালক বা প্রতিনিধির বিরুদ্ধে ছয়টি মামলা করা হয়। এসব মামলায় মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি আটটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।এ ছাড়া নির্মাণসামগ্রী অনাবৃত অবস্থায় পরিবহনের অভিযোগে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়।মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ্র। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু সাঈদ।অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।অভিযান চলাকালে শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বাড়াতে পথচারী ও যানবাহন চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন যানবাহনে শব্দদূষণবিরোধী স্টিকারও লাগানো হয়।পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, জনস্বার্থে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।