উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আন্তর্জাতিকভাবে পরিচিত মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান। স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পরিচয়পত্র জমা দেন তিনি।মানবাধিকার, আন্তর্জাতিক আইন, শরণার্থী সুরক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে আইরিন খানের রয়েছে দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতা।২০২০ সাল থেকে মতামত ও মতপ্রকাশের স্বাধীনতার অধিকার নিয়ে জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এর আগে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব ছিলেন। সংস্থাটির ইতিহাসে তিনিই প্রথম নারী মহাসচিব।২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল’ অর্গানাইজেশনের (আইডিএলও) মহাপরিচালকের দায়িত্বও পালন করেন আইরিন খান। এর আগে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে দীর্ঘ ২১ বছর কাজ করেন তিনি।মানবাধিকার ও শান্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য ২০০৬ সালে তিনি সিডনি পিস প্রাইজ লাভ করেন। পাশাপাশি তিনি ‘দ্য আনহার্ড ট্রুথ: পভার্টি অ্যান্ড হিউম্যান রাইটস’ বইটির লেখক।ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার ও হার্ভার্ড ল’ স্কুল থেকে আইন বিষয়ে উচ্চশিক্ষা নেওয়া আইরিন খান নতুন দায়িত্ব গ্রহণের আগে ঢাকায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সাক্ষাৎ করেন।সাক্ষাতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও অর্জন তুলে ধরা এবং বিশ্বপরিসরে দেশের ইতিবাচক ভাবমূর্তি আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।