উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী , নওগাঁ প্রতিনিধি : ||
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে একসঙ্গে নিহত সাতজনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হলে এলাকা জুড়ে সৃষ্টি হয় হৃদয়বিদারক দৃশ্য।এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া নয়জনের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। তাঁদের মধ্যে সাতজনের বাড়িই নওগাঁর আত্রাই উপজেলায়। বিমানবন্দর থেকে প্রশাসনের সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার রাত দেড়টার দিকে মরদেহগুলো আত্রাইয়ে নিয়ে আসা হয়।মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে অনুষ্ঠিত এই শোকাবহ জানাজায় নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং হাজার হাজার সাধারণ মানুষ অংশ নেন।জানাজা শেষে সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু বলেন, "নিহতদের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে ইতোমধ্যে সহযোগিতা করা হয়েছে। ভবিষ্যতেও সরকারের পক্ষ থেকে এই পরিবারগুলোর প্রতি সার্বিক সহায়তা অব্যাহত থাকবে। এ ছাড়া মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত অন্য যেসব মরদেহ এখনো দেশে আসেনি, সেগুলো ফিরিয়ে আনার প্রক্রিয়াও দ্রুত গতিতে চলমান রয়েছে।"সৌদি দূতাবাসের পাঠানো তালিকা অনুযায়ী নিহত নওগাঁর সাতজন হলেন—আত্রাই উপজেলার উদনপৈ গ্রামের ময়েন উদ্দীনের ছেলে মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামাণিক, একই গ্রামের গুফফার প্রামাণিকের দুই ছেলে মোহন আলী ও সুমন আলী, বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন, ডুবাই গ্রামের বাদল তরফদারের ছেলে সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের তমেজ উদ্দিন সরদারের ছেলে আব্দুল জলিল সরদার।একসঙ্গে সাত স্বজনের লাশবাহী কফিন গ্রামে পৌঁছালে পুরো আত্রাই উপজেলায় শোকের ছায়া নেমে আসে। প্রিয়জনদের হারিয়ে স্বজনদের বুকফাটা কান্না উপস্থিত সবাইকে অশ্রুসিক্ত করে তোলে।