উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী , নওগাঁ প্রতিনিধি : ||
নওগাঁ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপারের নির্দেশে জেলার বিভিন্ন সড়কে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে মহাদেবপুর, সাপাহার ও পোরশা থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছে পুলিশ।বুধবার রাতে ও বিভিন্ন সময়ে পরিচালিত এ নিরাপত্তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথগুলোতে পুলিশের সদস্যরা অবস্থান নেন। এ সময় বিভিন্ন যানবাহন থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র যাচাইসহ সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশি করা হয়।পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের তৎপরতা প্রতিহত করতে নিয়মিতভাবে বিভিন্ন স্থানে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে রাতে সড়কে চলাচলকারী যানবাহন ও ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।পুলিশের এমন তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও বৃদ্ধি পেয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধ প্রতিরোধে পুলিশের এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে যেকোনো সন্দেহজনক ব্যক্তি, যানবাহন বা অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে দ্রুত নিকটস্থ থানা অথবা পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।