উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী , নওগাঁ প্রতিনিধি : ||
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর-তেঁতুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দিয়ে সরকারি কাজ করানো ও কথিত দালালদের দৌরাত্ম্য নিয়ে সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর ও আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দুই ব্যক্তি আমিরুদ্দীন বাবু ও মোস্তাকিম বিল্লাহর বিরুদ্ধে।সম্প্রতি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ‘প্রাইম টিভি’র অনলাইন পোর্টালে ‘পোরশায় কম্পিউটার দোকানদারের হাতে ভূমি অফিসের দায়িত্ব, দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে নিতপুর-তেঁতুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতিতে একজন কম্পিউটার দোকানদারকে অফিসে বসিয়ে রাখা, গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র নাড়াচাড়া এবং কথিত দালালদের ভূমিকা নিয়ে ওঠা অভিযোগ তুলে ধরা হয়।প্রতিবেদন প্রকাশের পর আমিরুদ্দীন বাবু সাংবাদিক ও তার এক সহকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর ও আপত্তিকর পোস্ট দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এতে সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।অন্যদিকে, ভূমি অফিসকে ঘিরে বিভিন্ন অভিযোগের প্রসঙ্গে মোস্তাকিম বিল্লাহর নামও উঠে এসেছে। ঘটনার দিন আমিরুদ্দীন বাবুসহ কয়েকজনের ভূমি অফিসে উপস্থিত থাকার বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।এর আগে ভূমি অফিসের তহসিলদার রাশেদুল ইসলাম জানান, কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতিতে অফিসের দায়িত্বে থাকা ঝাড়ুদার মফিজুল ইসলাম অন্য একজনকে অফিসে রেখে বাইরে চলে যাওয়ার বিষয়টি তিনি পরে জানতে পারেন। তিনি এটিকে দায়িত্বে অবহেলা উল্লেখ করে বলেন, ভূমি অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র কোনোভাবেই বাইরের ব্যক্তির কাছে রাখা বা তাদের দিয়ে সরকারি কাজ করানো উচিত নয়।এদিকে, ভূমি অফিসে বহিরাগতদের দিয়ে সরকারি কাজ করানো, কথিত দালালদের প্রভাব এবং গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্রের নিরাপত্তা নিয়ে তদন্তের দাবি উঠেছে।সাংবাদিকদের দাবি, কোনো সংবাদে কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া ও তা প্রকাশ করা সাংবাদিকতার স্বাভাবিক প্রক্রিয়া। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ব্যক্তিগতভাবে আক্রমণ বা সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর পোস্ট দেওয়া স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্য উদ্বেগজনক।সংশ্লিষ্টরা ভূমি অফিসে আমিরুদ্দীন বাবু ও মোস্তাকিম বিল্লাহর যাতায়াত, তাদের কথিত ভূমিকা এবং সাংবাদিকের বিরুদ্ধে দেওয়া ফেসবুক পোস্টের বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাইসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।