উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক : ||
শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে পেশাগত দায়িত্ব পালনকালে তিন সাংবাদিকের ওপর হামলা ও মারধরের অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ-এর কুমিল্লা জেলা শাখা।মঙ্গলবার দুপুরে ডেইলি স্টারের সাংবাদিক জাহিদ হাসান, নিউজ২৪ ও জাগো নিউজের প্রতিনিধি বিধান মজুমদার এবং মানবকণ্ঠের জেলা প্রতিনিধি বরকত মোল্লার ওপর হামলার অভিযোগ ওঠে। এ সময় তাদের মারধর, ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে।এ ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ-এর কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিক এক বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রাজনৈতিক পরিচয় বা প্রভাব ব্যবহার করে সাংবাদিকদের ভয়ভীতি দেখানো ও হেনস্তার সংস্কৃতি বন্ধ করতে হবে।বিবৃতিতে বলা হয়, সাংবাদিকের ওপর হামলা শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের তথ্য জানার অধিকারের ওপর আঘাত।শরীয়তপুরে সাংবাদিক বিএম ইস্রাফিলের ওপর হামলা এবং প্রেস ক্লাবের সীমানাপ্রাচীর ভাঙার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যেই নতুন করে তিন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।প্রশাসনের প্রতি হামলা, হুমকি ও পূর্বের নির্যাতনের ঘটনাগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ তৈরির আহ্বান জানানো হয়।বিবৃতিতে সংগঠনটি জানায়, কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়, সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে তাদের অবস্থান। সাংবাদিকের পরিচয়, মতাদর্শ কিংবা প্রতিষ্ঠান বিবেচনা না করে প্রতিটি সাংবাদিক নির্যাতনের ঘটনায় তারা সোচ্চার থাকবে।শরীয়তপুরে আক্রান্ত সাংবাদিকদের প্রতি সংহতি জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।